ছয়টি সোনার বারসহ বাসযাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে আজ বৃহস্পতিবার সকালে ছয়টি সোনার বারসহ রহমত উল্লাহ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোনার বারগুলোর ওজন ৯৯৭ গ্রাম। এর বাজারমূল্য ৩৫ লাখ ৫ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি সূত্র জানায়, আজ সকাল নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের দমদমিয়ার তল্লাশিচৌকি এলাকায় অবস্থান নেয় বিজিবি। তখন চট্টগ্রামগামী একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তখন সন্দেহভাজন যাত্রী রহমত উল্লাহকে আটক করে তল্লাশি চালিয়ে তাঁর ঊরুর সঙ্গে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। রহমত উল্লাহর বাড়ি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার গ্রামে। এ ঘটনায় তাঁকে টেকনাফ থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় রহমত উল্লাহকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।