ছয়টি 'বোমা মেশিন' জব্দ, তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদী থেকে অভিযান চালিয়ে পাথর তোলার ছয়টি অবৈধ ‘বোমা মেশিন’ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোম ও মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত মেশিনগুলো জব্দ করেন। এ সময় তিনজনকে আটক করা হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্তের ধরলা নদীর প্রবেশমুখে মাইয়ামারা ঘাট নদী থেকে চালু অবস্থায় চারটি এবং পৌর শহরের মির্জারকোট এলাকার নদী থেকে একটি এবং গত সোমবার রাতে জোংড়া ইউনিয়নের নদীঘাট থেকে একটি বোমা মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। পরে সেগুলো খাদে ফেলে দেওয়া হয়।
অভিযানে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন ব্যবসার সঙ্গে জড়িত থাকায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আইয়ুব আলী (৫২) ও আমির উদ্দিন (৫৫) এবং জোংড়া ইউপির নন্দেরঘাট গ্রামের রেজাউল করিম (৩২)এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।