ছয়তলা ভবনের ছাদ থেকে লাশ উদ্ধার
চট্টগ্রামে সাজ্জাদ হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে নগরের দেওয়ানবাজার নিরাপদ হাউজিং সোসাইটির একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করে বাকলিয়া থানার পুলিশ।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সাজ্জাদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। নিহত সাজ্জাদ সাতকানিয়া উপজেলার ফকিরপাড়ার মৃত আবদুল গফুরের ছেলে। রেয়াজউদ্দিন বাজার এলাকায় একটি মুঠোফোনের দোকান কর্মচারী তিনি। হত্যার কারণ সম্পর্কে জানতে দোকানমালিক খোরশেদ আলম ওরফে সোহেলকে খুঁজছে পুলিশ।
এ ঘটনায় সাজ্জাদের ভাই সাইফুল ইসলাম গতকাল রাতে বাকলিয়া থানায় খোরশেদ আলম ও তাঁর মা খুরশিদা বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আট দশজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, দেওয়ানবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের ছাদে লাশটি পড়ে থাকতে দেখলে লোকজন পুলিশকে খবর দেয়। যে ভবনের ছাদ থেকে সাজ্জাদের লাশ উদ্ধার করা হয়, সেই ভবনের ছয়তলায় দীর্ঘদিন ভাড়া ছিলেন দোকানমালিক খোরশেদ। সাজ্জাদও ওই বাসায় তাঁদের সঙ্গে থাকতেন। শনিবার তাঁরা বাসাটি ছেড়ে দিয়ে দেওয়ানবাজার মৌসুমি হাউজিং সোসাইটি এলাকায় আরেকটি বাসা ভাড়া নেন।
ওসি জানান, রোববার দুপুরে ওই বাসা থেকে খোরশেদের স্ত্রী নারগিস আক্তারকে আটক করা হয়। বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। খোরশেদের স্ত্রীই শনাক্ত করেন নিহত সাজ্জাদ তাঁর স্বামীর দোকান কর্মচারী। তবে হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।
ওসি মহসিন জানান, খোরশেদকে আটক করা গেলে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়াবা ব্যবসা ও অবৈধ ভিওআইপি ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে সাজ্জাদকে খুন করা হতে পারে। রাতে বাসাটি ছেড়ে দেওয়ার আগে সাজ্জাদকে শ্বাসরোধে খুন করে ছাদে ফেলে রাখা হতে পারে।