জকিগঞ্জে আইনজীবীর সহকারীর পা কর্তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিেলটের জকিগঞ্জে গত বুধবার দিবাগত রাতে একজন আইনজীবীর সহকারীর এক পা বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে জকিগঞ্জ উপজেলার উত্তর বাখরখাল গ্রামে। আহত ব্যক্তির নাম আবদুল মালিক (৪৫)। দুর্বৃত্তদের মারধরে আহত হয়েছেন তাঁর স্ত্রী হেনা বেগমও (২৮)।
প্রতিবেশীরা জানান, মালিকের বসতঘর কাঁচা। বেড়া কেটে রাত প্রায় দেড়টার দিকে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। মালিক তাঁর স্ত্রী হেনা ও চার সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। ঘরে উপস্থিতি টের পেয়ে হেনা জেগে উঠলে তাঁর মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা। এ সময় ধস্তাধস্তির শব্দে মালিক ঘুম থেকে জেগে উঠতেই দা দিয়ে দুর্বৃত্তরা তাঁর বাঁ পায়ে কোপ দিয়ে পালিয়ে যায়।
দায়ের কোপে পা বিচ্ছিন্ন হয়ে খাটের একাংশ পর্যন্ত কেটে যায়। এ দৃশ্য দেখে হেনা অচেতন হয়ে পড়েন। মালিকের চিৎকারে প্রতিবেশীরা তাঁদের দুজনকে উদ্ধার করে পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেশী শিহাব উদ্দীন বলেন, চিৎকার শুনে তাঁরা ঘরে মালিককে পা বিচ্ছিন্ন ও তাঁর স্ত্রীকে অজ্ঞান অবস্থায় দেখেন। এ সময় ঘরের একাংশের বেড়া কাটা দেখা যায়। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মালিক ও তাঁর স্ত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে চারটায় সেখানে গিয়ে দেখা যায়, এক দফা অস্ত্রোপচারের পর মালিককে অস্ত্রোপচার কক্ষে রাখা হয়েছে। সেখানে তিনি বলেন, জমি নিয়ে গ্রামের একটি পক্ষের সঙ্গে তাঁর পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি একটি মামলায় তিনি নিজের পক্ষে রায় পেয়েছেন।
মালিক বলেন, ‘দুর্বৃত্তরা সংখ্যায় চার-পাঁচজন আছিল। আমারে কোপ দেওয়ার আগে তাঁরা বলেন, আর মামলা নিয়া দৌড়াতে পারত না। আমি তিনজনরে চিনেছি। পুলিশকে তাঁদের নাম বলছি।’
হাসপাতালের অস্ত্রোপচার বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, মালিকের বিচ্ছিন্ন হওয়া পা’টি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেটির সংযোগ আর সম্ভব না হওয়ায় পুলিশের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান বলেন, ‘পেশায় আইনজীবীর সহকারী হওয়ায় মালিক তাঁর মামলাগুলো সহজে পরিচালনা করছিলেন—এ আক্রোশ থেকে হামলা হয়েছে। প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে তাঁর এক সৎ ভাই আবদুর করিম ও সম্পর্কে চাচা ফোরকান নামের এক ব্যক্তি দলবলসহ ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে ফেলে। গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা না হলেও পুলিশ হামলাকারীদের ধরতে এলাকায় অভিযান চালিয়েছে।’