জকিগঞ্জে ডাকাতি দুই নারী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জে বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বালিটেকা গ্রামে দুবাইপ্রবাসী শমসু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতেরা অস্ত্রের মুখে ঘরে থাকা লোকজনকে মারধর করে স্বর্ণালংকার, টাকা, মুঠোফোন সেট ও দামি কাপড়চোপড় লুটে নিয়ে যায়। ডাকাতদের বন্দুকের ছররা গুলিতে বাড়িতে থাকা দুই নারী আহত হন। গতকাল বুধবার সকালে তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল আহাদ চৌধুরী জানান, রাত আনুমানিক দুইটার দিকে ১০-১২ জন মুখোশধারী ডাকাত বাড়ির গ্রিল কেটে দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় ঘরে থাকা নারীরা জেগে উঠলে ডাকাতেরা বন্দুক দিয়ে ছররা গুলি ছোড়ে। এতে দুজন আহত হলে ডাকাতেরা নির্বিঘ্নে মালামাল লুট করে চলে যায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান জানান, খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।