জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জে আবদুল হাসিম (৩৮) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জকিগঞ্জ সদর ইউনিয়নের হাইল ইসলামপুর গ্রামের রাস্তার পাশ থেকে গতকাল শনিবার তাঁর লাশ পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে। হত্যকারীদের শনাক্ত করতে স্থানীয় ইউপির সাবেক একজন নারী সদস্যসহ দুজনকে আটক করা হয়েছে। হাসিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জকিগঞ্জের সুলতানপুর ইউপির পাঠানচক গ্রামের বাসিন্দা আবদুল হাসিমের জকিগঞ্জ পৌর শহরে ‘হাসিম সু স্টোর’ নামে জুতার একটি দোকান রয়েছে। শুক্রবার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন তিনি। তাঁর মাথায় ধারালো অস্ত্রের তিনটি কোপের চিহ্ন রয়েছে।