জকিগঞ্জে মাদকসহ ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকার কুশিয়ারা নদী থেকে গত বৃহস্পতিবার রাতে মুহিম উদ্দিন নামের এক ভারতীয় নাগরিককে মাদকসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জকিগঞ্জ থেকে আসাদ উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক মুহিম উদ্দিনের (৪০) বাড়ি ভারতের করিমগঞ্জে। সীমান্ত এলাকায় মাদক ব্যবসার অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতেও মামলা রয়েছে।
৪১ বিজিবি গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মুহিম বৃহস্পতিবার রাত আটটার দিকে সীমান্ত এলাকার কুশিয়ারা নদীর বাংলাদেশ অংশে ঢুকে পড়েন। এ সময় বিজিবির একটি টহল দল মাঝির বেশে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। মুহিম স্বীকার করেন, তিনি সীমান্ত এলাকায় ফেনসিডিল ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করেন। এসব মাদকের ক্রেতা জকিগঞ্জ পৌর এলাকার বাসিন্দা আসাদ উদ্দিন (৪০)। বিজিবি রাতেই জকিগঞ্জ থেকে আসাদকে আটক করে।