জকিগঞ্জে মিছিল করা নিয়ে বিরোধ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিল করা নিয়ে গতকাল রোববার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগের এক নেতা ও ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান নিয়ে কলেজ শাখা ছাত্রলীগ মিছিলের প্রস্তুতি নেয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়। এ সময় মিছিলের সামনের সারিতে কে থাকবেন—এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ ও জকিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আবদুস সালামের বাগ্বিতণ্ডা হয়।
এর জের ধরে ছাত্রলীগের কর্মীরা দুই পক্ষে ভাগ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ফারুক এবং ছাত্রলীগের আনোয়ার, সাদেক ও মাসুম নামের তিন কর্মী আহত হন। তাঁরা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে ক্যাম্পাসে পুলিশ গিয়ে অবস্থান নেয়। পরে আবদুস সালামের পক্ষের লোকজন কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মিছিল করেন।
ফারুক আহমদ বলেন, কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। এ জন্য ছাত্রলীগের নামে কলেজের শিক্ষার্থীরা মিছিল করতে চেয়েছিলেন। কিন্তু কয়েকজন কলেজশিক্ষক ও যুবলীগের নেতা সালাম কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার অজুহাত দেখিয়ে মিছিলে বাধা দেন। তখন সংঘর্ষ বাধে।
যুবলীগের আবদুস সালাম বলেন, ছাত্রলীগের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। ফারুক দলবল নিয়ে মিছিল করার নামে শ্রেণিকক্ষে গিয়ে অবস্থান নেন। এতে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা তাঁকে ধাওয়া করেন। উপজেলা যুবলীগ কলেজে গিয়ে এ ঘটনার প্রতিবাদ জানায়। পরে শান্তিপূর্ণ মিছিল হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান জানান, সংঘর্ষের খবরে একদল পুলিশ কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। পরে পুলিশি পাহারায় শান্তিপূর্ণ মিছিল হয়।