জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রের ওপর হামলার ঘটনায় আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র মিন্টু সরকার, ইংরেজি বিভাগের আপন আহসান ও কামরুল আহসান এবং ফিন্যান্স বিভাগের মো. শাহেদ আহমেদ। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইয়াসিন আরাফাত। পরে বিনা কারণে তাঁকে মারধর করা হয়। তাই প্রাথমিক তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে একটি পক্ষ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটিকে বলা হবে।