জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রাম দা, চাপাতি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয়েছে চাপাতি ও দেশীয় বিভিন্ন অস্ত্র।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ‘ছাত্রলীগকে খারাপ খবরের শিরোনাম না হওয়ার আহ্বান’ জানানোর ছয় দিন পর এ ঘটনা ঘটল।
পূর্ববিরোধের জের ধরে গতকাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের পক্ষের কর্মী ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শরিফুলের এই কর্মীরা ‘গোপালগঞ্জ আঞ্চলিক গ্রুপ ছাত্রলীগ’ ও সিরাজুলের কর্মীরা ‘ময়মনসিংহ গ্রুপ ছাত্রলীগ’ হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র জানায়, গত সোমবার গোপালগঞ্জ পক্ষের ছাত্রলীগ কর্মী ইমরান বিশ্বাসকে মারধর করে সাধারণ সম্পাদকের কর্মী পিয়াস ও তার সহপাঠীরা। এ ঘটনায় গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে চাপাতি, রামদা, রড ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দেয় উভয় পক্ষ। একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে শহীদ মিনারের সামনে ময়মনসিংহ গ্রুপের ছাত্রলীগ পক্ষকে ধাওয়া করে ক্যাম্পাসের পেছনের (পাটুয়াটলী) ফটক দিয়ে বের করে দেয় গোপালগঞ্জ পক্ষ। পরে ময়মনসিংহ পক্ষ আবার গোপালগঞ্জকে ধাওয়া করলে কোতোয়ালি থানা-পুলিশ ও শরিফুল ইসলাম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে যারা ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাইছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রড ও কয়েকটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ রয়েছে।