জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে গতকাল বুধবার রাতে নাজিমউদ্দিন (২৬) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আইন বিভাগে স্নাতকোত্তর শ্রেণির সন্ধ্যাকালীন কোর্সে পড়তেন।
সূত্রাপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, রাত পৌনে আটটার দিকে লক্ষ্মীবাজারের কাছে একরামপুরে একটি সরু গলিতে কয়েকজন দুর্বৃত্ত নাজিমউদ্দিনের পথরোধ করলে তাদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তাঁর মাথায় কোপ দেয়। তিনি লুটিয়ে পড়লে তারা তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। নাজিমউদ্দিনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নাজিমউদ্দিন ওই পথ দিয়ে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁকে কোপায় ও গুলি করে। পরে তারা অস্ত্র উঁচিয়ে ধর্মীয় স্লোগান দিয়ে মোটরসাইকেলে করে চলে যায়। ঘটনাস্থলের আশপাশে যাঁরা ছিলেন, ভয়ে তাঁরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে সরে যান। খবর পেয়ে পুলিশ এসে নাজিমউদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। পুলিশ নাজিমউদ্দিনের কাছ থেকে তাঁর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র উদ্ধার করে।
খবর পেয়ে নাজিমউদ্দিনের কয়েকজন বন্ধু মিটফোর্ড হাসপাতালে ছুটে যান। তাঁরা পুলিশকে বলেছেন, নাজিমউদ্দিন দুই মাস আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এলএলএম শ্রেণিতে সন্ধ্যাকালীন কোর্সে ভর্তি হন। সেখান থেকে ক্লাস করে তিনি গেন্ডারিয়ায় মেসে ফিরছিলেন। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ব্যক্তিগত শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে।