জগন্নাথ মন্দিরে চুরি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের রথবাজার এলাকায় জগন্নাথ দেবের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।
পুলিশ, ওই মন্দিরের সেবাইত ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটায় আনুমানিক দু-তিনজন চোর মন্দিরের কলাপসিবল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে। চোরেরা মন্দিরের ভেতর ও বাইরের সবগুলো ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা অকেজো করে দেয়। এরপর তারা মন্দিরের জগন্নাথ ও বলরাম দেবের মূর্তির গলা থেকে দুটি সোনার চেইন এবং রাধাকৃষ্ণের মূর্তির মাথায় থাকা তিন ভরি ওজনের রুপার একটি মুকুট চুরি করে। এ ছাড়া মন্দিরের ভেতরের দানবাক্স থেকে ছয় হাজার টাকা নিয়ে যায় চোরেরা।
ওই মন্দির পরিচালনা কমিটির সভাপতি শংকর রাও নাগ ও সেবাইত অজিত চক্রবর্তী বলেন, সকাল ছয়টায় তাঁরা মন্দিরে এসে কলাপসিবল ফটকের ভাঙা তালা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন নগদ টাকাসহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাটি থানায় জানান। তাঁরা দাবি করেন, এ ঘটনায় নগদ টাকাসহ আনুমানিক লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে মন্দির এলাকায় হিন্দু সম্প্রদায়ের দুই ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছর দুর্গাপূজার আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। এবারও এ ঘটনা ঘটে। মন্দিরের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে।