জগন্নাথপুর ও দুর্গাপুরে দুটি লাশ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে হাওর থেকে এক মাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চরমোক্তারপাড়া-সংলগ্ন সোমেশ্বরী নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার সে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
গত শনিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর ঘাট থেকে চার ব্যক্তি উপজেলার দাওরাই যাওয়ার কথা বলে মাঝি বাবুল মিয়ার (৪০) ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নেয়। এরপর আর বাবুলের সন্ধান পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকাল শেওরা গ্রামের পাশে পারুবন হাওরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাবুল মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল জাকির জানান, হবিগঞ্জের নবীগঞ্জ থানার পুলিশ সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে বাবুল মাঝির নৌকাসহ চার ব্যক্তিকে আটক করে। এই চারজনকে বাবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চরমোক্তারপাড়া-সংলগ্ন সোমেশ্বরী নদীতে রোববার দুপুরে ময়মনসিংহ জেলা স্কুলের দিবা শাখার অষ্টম শ্রেণির ছাত্র মো. আতাউল হক (১৪) গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঝাঞ্জাইল বেতাইরপাড়া গ্রামের বাক্প্রতিবন্ধী আবদুর জব্বার তার লাশ একই স্থান থেকে উদ্ধার করে। আতাউল দুর্গাপুর উপজেলার দুবরাজপুর গ্রামের এমদাদুল হক সরকারের ছেলে। সে ঈদ উপলক্ষে দুর্গাপুর পৌর এলাকার চরমোক্তারপাড়ায় তাঁর ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল। দুর্গাপুর থানার ওসি রেজাউল করিম জানান, জব্বার ইশারা করে বলেছেন লাশটি পানির নিচে কোনো কিছুর সঙ্গে আটকে ছিল।