সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নে হাওরের ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য খোলাবাজারে চাল বিক্রির ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতা এবং তাঁদের আত্মীয়স্বজন।
অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ভিজিএফ ও নগদ টাকা বিতরণ কর্মসূচির তালিকা তৈরির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলার দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়ার বিরুদ্ধে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ করার কারণে পৌর মেয়রের লোকজনের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নে খোলাবাজারে কম দামে চাল বিক্রির জন্য গত বুধবার আটজন ডিলার নিয়োগ করা হয়। তাঁরা হলেন উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, পাটলী ইউনিয়নের উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, মিরপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা হাফিজুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর লোক মামুন মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন ওরফে লালনের ভাই আবুল কাসেম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইসলাইলের ভাই আবু কয়সর এবং পাইলগাঁও ইউনিয়নে নিয়োগ পেয়েছেন যুবলীগের নেতা আবদুল বারিক।
ডিলারের জন্য আবেদনকারী সিদ্দিকুর রহমান বলেছেন, ‘পুরোনো ডিলারদের অগ্রাধিকার না দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে দলীয় লোক ও তাঁদের আত্মীয়স্বজনদের ডিলার করা হয়েছে। আমরা আবেদনকারী হয়েও এর কিছুই জানি না।’
জানতে চাইলে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, আবেদনকারী ছিলেন ৬০ জন। কমিটি যাচাই-বাছাই করেই আটজনকে মনোনীত করেছে। এখানে কোনো দলীয় পরিচয় বা অন্য কিছু কাজ করেনি। তারপরও কোনো অভিযোগ থাকলে অবশ্যই খতিয়ে দেখা হবে।
দিরাইয়ে তালিকা তৈরিতে অনিয়ম
দিরাই পৌরসভায় ফসলহারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ভিজিএফ এবং নগদ টাকা সহায়তা প্রদানের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। পৌর শহরের চণ্ডীপুর গ্রামের পক্ষ থেকে গত বৃহস্পতিবার বিকেলে এ ব্যাপারে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগ দিয়ে বাড়িতে যাওয়ার পথে সন্ধ্যায় শহরের হাইস্কুল রোডে পৌর মেয়রের লোকজনের হামলার শিকার হন অভিযোগকারী ব্যক্তিরা। এতে গুরুতর আহত হন চণ্ডীপুর গ্রামের ফয়েজ উদ্দিন (৫০)। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিয়াধন মিয়া বলেছেন, প্রথমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে তালিকা করা হয়েছিল, পরে পৌর মেয়র তা বদলে ফেলে নিজের মতো করে তালিকা করেছেন।
এ বিষয়ে পৌর মেয়র মোশারফ মিয়া বলেছেন, নীতিমালা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করা হয়েছে, কোনো অনিয়ম হয়নি। হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ কেউ সরকারের ত্রাণ বিতরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল ও স্মারকলিপি দেওয়ার চেষ্টা করছেন। এতে ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা এসব বিষয়ে জিজ্ঞেস করতে গিয়েছিলেন। কাউকে মারধর করেননি।
ইউএনও তৌহিদুজ্জামান পাভেল তালিকা তৈরিতে অনিয়মের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। জেলা প্রশাসনের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৭৭ হাজার ১৮৮ কৃষক পরিবার।