জগন্নাথপুরে ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্র খুন, আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গতকাল সোমবার ধারালো অস্ত্রের আঘাতে শুকুর আলী (১০) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। এ ঘটনায় রাতে সাতজনকে আটক করেছে পুলিশ।
শুকুর আলী উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মজর আলীর ছেলে ও স্থানীয় কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ছাত্র ছিল।
মজর আলী বলেন, গতকাল বিকেল চারটার দিকে গ্রামের পাশের হাওরে ছেলেকে আহত অবস্থায় পান তাঁরা। তার গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মজর আলীর অভিযোগ, গ্রামের একটি পক্ষের সঙ্গে তাঁর জমিসংক্রান্ত বিরোধ ও মামলা আছে। এর জের ধরেই প্রতিপক্ষের লোকজন তার ছেলেকে হত্যা করেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরসালিন রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুকুর আলীর গলায় ধারালো অস্ত্রের দুটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় রাতে সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। থানায় এখনো মামলা হয়নি।