জগন্নাথপুরে সংঘর্ষে আহত একজনের মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত বুধবারের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (১৮)। তিনি উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামে একটি জলমহালের দখলকে কেন্দ্র এই গ্রামের আবদুল জলিল ও আবদুল ওয়াহিদের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নজরুল ইসলাম (৪০) নিহত ও ৩০ জন আহত হন।
ঘটনার পরদিন আবদুল জলিল বাদী হয়ে ১১১ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নজরুল ইসলাম ও মিজানুর রহমান আবদুল জলিলের পক্ষের লোক।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মিজানুর রহমান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে।