প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসে ছাত্রীদের উত্ত্যক্ত করায় কেন্দ্রীয় ছাত্রলীগ নাজমুল হাসান নামের ওই কর্মীর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে।
জানা যায়, পয়লা বৈশাখের অনুষ্ঠান শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে ফিরছিলেন শিক্ষার্থীরা। বাসটি চানখাঁরপুল এলাকায় পৌঁছালে কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করেন ছাত্রলীগের কর্মী নাজমুল হাসান ও তাঁর দুই বন্ধু। সাধারণ ছাত্ররা প্রতিবাদ করলে তাঁদেরও হুমকি দেন তাঁরা। পরে সব ছাত্র মিলে নাজমুল ও তাঁর বন্ধুদের বাস থেকে নামিয়ে দেন।
গত বুধবার সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় নাজমুলকে বহিষ্কার করা হয়। তবে নাজমুলের বক্তব্য পাওয়া যায়নি।