জগন্নাথে ছাত্রলীগ নেতা বহিষ্কার, বাধ্যতামূলক ছুটিতে শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকাকে লাঞ্ছিত করায় ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে গতকাল রোববার সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই বিভাগের শিক্ষক সাখাওয়াৎ হোসেনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে প্রশাসন।

এদিকে শিক্ষিকাকে লাঞ্ছিত করায় ছাত্রলীগের এক নেতাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে পৃথক ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হিসাববিজ্ঞান বিভাগের ওই শিক্ষকের অপসারণ দাবি করেছেন আন্দোলনকারীরা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে পৃথক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর ও ছাত্রলীগের সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সামনে লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকার সঙ্গে শাখা ছাত্রলীগের সহসম্পাদক আরজ মিয়ার ধাক্কা লাগে। এ নিয়ে ওই শিক্ষিকা ও আরজের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষিকাকে লাঞ্ছিত করেন আরজ। এ ঘটনায় গতকালই আরজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কার করে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই বিভাগের শিক্ষক সাখাওয়াৎ হোসেনকে গতকাল রোববার বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে প্রশাসন। এর আগে গত বৃহস্পতিবার উপাচার্য মীজানুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেছিলেন এই ছাত্রী।
ছাত্রফ্রন্টের সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে ভূমিকা রাখবেন একজন শিক্ষক। কিন্তু নিজ ছাত্রীকে যৌন হয়রানি করে অধঃপতিত চরিত্রের পরিচয় দিয়েছেন ওই শিক্ষক, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। তাই অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে অপসারণ ও শিক্ষিকা লাঞ্ছিত করায় ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান তাঁরা। সমাবেশে শাখা ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহরাব আজাদের পরিচালনায় সংগঠনটির বিভিন্ন নেতা-কর্মীরা বক্তব্য দেন।
সাধারণ শিক্ষার্থীদের সমাবেশে বক্তারা বলেন, শি‌ক্ষিকা লাঞ্ছিত করায় গতকাল রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন আরজকে পুলিশে সোপর্দ করলেও ক্যাম্পাসেই তাঁকে ছাড়িয়ে নেয় ছাত্রলীগ। এ ছাড়া প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করলেও বাধা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাই ৪৮ ঘণ্টার মধ্যে আরজকে স্থায়ী বহিষ্কার করতে হবে। অন্যথায় ক্যাম্পাসে ধর্মঘটসহ বড় ধরনের কর্মসূচির হুমকি দেন শিক্ষার্থীরা।
পুলিশের হাত থেকে আরজকে ছিনিয়ে নেওয়া ও শিক্ষার্থীদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি দাবি করেন, আরজ নামে ছাত্রলীগের কোনো কর্মী নেই। তবে আরজ পুলিশের হাত থেকে পালিয়েছেন বলে জানতে পেরেছি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান বলেন, ‘সার্বিক পরিস্থিতি বুঝে শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে আরজকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিক্ষিকাকে লাঞ্ছিত ও ছাত্রীকে যৌন হয়রানি করায় নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। গত রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের বি‌ক্ষোভ-মিছিলে বাধা দিয়ে যৌনসন্ত্রাসের প‌ক্ষে সাংগঠনিক অবস্থান ব্যক্ত করল ছাত্রলীগ।’