জগন্নাথে প্রতিবাদকারীদের মারধর করল ছাত্রলীগ
পয়লা বৈশাখে নারী লাঞ্ছনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের আজকের ধর্মঘট কর্মসূচিতে হামলা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীরা। এ সময় ছাত্র জোটের চার নেতা-কর্মীকে মারধর করেন তাঁরা।
আজ মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের একাধিক নেতা-কর্মী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ‘ছাত্র ধর্মঘট’ পালন করে প্রগতিশীল ছাত্র জোট। সকাল সাড়ে আটটার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশ না নিতে আহ্বান জানান ছাত্র জোটের নেতা-কর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক প্রসেনজিৎ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষ্ণ বর্মণ, সহ-সম্পাদক শমিত ভৌমিক ও সদস্য অনিমেষ রায়কে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে মারধরের কোনো ঘটনা ঘটেনি। তবে ক্যাম্পাসে প্রবেশে তারা বাধা দেওয়ায় জোর করে ঢুকেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামও ঘটনার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘সংবাদের শিরোনাম হতেই তারা (ছাত্রফ্রন্ট) নিজেরা মারামারি করছে। ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।’
তবে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা বলেন, ছাত্রলীগের কর্মী মাহী, সোহেল, নুর মোহাম্মদ রাহুল, শাহ আলমসহ বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী কোনো কারণ ছাড়া তাঁদের নেতা-কর্মীদের মারধর করেন।