জঙ্গল থেকে আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া-লামা সড়কের কুমারী সেতু এলাকার জঙ্গল থেকে ১৬ মামলার আসামি বেলাল উদ্দিন ওরফে লম্বা বেলালের (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দেশের তৈরি দুটি বন্দুক, চারটি কার্তুজ ও তিনটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দুই দল ডাকাতের গোলাগুলিতে বেলাল নিহত হন। গতকাল বৃহস্পতিবার ভোর তিনটার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
বেলাল উদ্দিন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মোহাম্মদ আলী ওরফে জাফর আলমের ছেলে।
পুলিশ জানায়, কুমারী সেতু এলাকায় গোলাগুলির শব্দ শুনে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ওই এলাকায় গিয়ে বেলালের লাশ পড়ে থাকতে দেখে। তাঁর বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বেলালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, জলদস্যুতাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে। তিনি একটি ডাকাত দলের নেতৃত্ব দিতেন। কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি-চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই দল ডাকাতের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে পুলিশ।