জঙ্গি অর্থায়নের অন্যতম 'হোতা' মোস্তাক খাঁ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি অর্থায়নের অন্যতম ‘হোতা’ মোস্তাক খাঁকে (মাঝে) গতকাল সোমবার গ্রেপ্তার করে সিআইডির অর্গানাইজড ক্রাইম দলের সদস্যরা।
জঙ্গি অর্থায়নের অন্যতম ‘হোতা’ মোস্তাক খাঁকে (মাঝে) গতকাল সোমবার গ্রেপ্তার করে সিআইডির অর্গানাইজড ক্রাইম দলের সদস্যরা।

বিভিন্ন অপরাধের মাধ্যমে জঙ্গি সংগঠনকে অর্থ প্রদান করে সহায়তা করতেন হবিগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া মোস্তাক আহমেদ খাঁ। মুদ্রা পাচারের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে সিআইডির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, জঙ্গি অর্থায়নের অন্যতম ‘হোতা’ মোস্তাক খাঁকে হবিগঞ্জ থেকে আটক করেছেন সিআইডির অর্গানাইজড ক্রাইম দলের সদস্যরা। গতকাল সোমবার রাতে তাঁকে আটক করা হয়। মোস্তাককে আজ আদালতে তোলা হবে।

বেলা সাড়ে ১১টায় সিআইডি সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়। বিফ্রিং করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মোল্যা নজরুল ইসলাম।

ব্রিফিংয়ে জানানো হয়, সিআইডি তদন্ত করে জানতে পারে, ১০-১১ বছর আগে মোস্তাক আহমেদ খাঁ অবৈধভাবে তুরস্কে যান। সেখানকার সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত হন তিনি। দেশে আসার পর তিনি বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। জঙ্গি তৎপরতা ও দেশবিরোধী কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করেন।

তদন্তের মাধ্যমে জানা যায়, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় মোস্তাক খাঁর নামে একাধিক থানায় মামলা হয়েছে। ব্যাংকের বিপুল পরিমাণ অর্থের উৎস ও তার ব্যবহারের বিষয়ে তিনি সদুত্তর দিতে না পারায় মুদ্রা পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সিআইডির তদন্তাধীন।