জঙ্গি অর্থায়নের অভিযোগে ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে গতকাল শনিবার রাতে এনামুল হক নামের এক ব্যবসায়ীকে আটক করেছে চট্টগ্রামের র্যাব-৭। আটকের পর রাতেই এনামকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়েন র্যাব কর্মকর্তারা। র্যাব বলছে, চট্টগ্রামকেন্দ্রিক নতুন জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডকে’ টাকা দিয়েছেন এনাম, এমন তথ্য রয়েছে তাঁদের কাছে।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ গত রাত ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার জঙ্গি মনিরুজ্জামান ওরফে ডনের ব্যাংক হিসাব নম্বরে ১৬ লাখ টাকা পাঠিয়েছেন এনামুল। এ তথ্য নিশ্চিত হওয়ার পর তাঁকে আটক করা হয়েছে। তিনি বলেন, আজ রোববার সকালে নগরের পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।
‘শহীদ হামজা ব্রিগেডকে’ অর্থায়নের অভিযোগে গত ১৮ আগস্ট রাতে বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও ঢাকা জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব-৭।