জঙ্গি অর্থায়নের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে হবিগঞ্জ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট। তবে মোশতাক আহম্মেদ খাঁ (২৭) নামের ওই ব্যক্তি কোন জঙ্গি সংগঠনে অর্থায়ন করেছেন, তা এখনো পরিষ্কার নয়।

এদিকে গ্রামবাসী বলছেন, মোশতাক আহমেদের সঙ্গে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিবাদের জের ধরে এর আগে বেশ কয়েকটি মামলা হয়েছে। তাঁরা ধারণা করছেন, এবারও সে ধরনেরই কিছু ঘটেছে।

গত সোমবার হবিগঞ্জের বানিয়াচংয়ের তকবাজখানি গ্রাম থেকে মোশতাককে গ্রেপ্তার করা হয় বলে জানায় সিআইডি। এরপর তাঁর বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মুদ্রা পাচার আইনে একটি মামলা করে সিআইডি। এর আগে তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইনসহ মোট ছয়টি মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীতে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, প্রায় ১০ বছর আগে অবৈধ পথে তুরস্কে গিয়েছিলেন মোশতাক। পাঁচ বছর আগে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর তিনি আল কাউসার নামে একটি এনজিও করেন, তবে নিবন্ধন পাননি। ২০১৪ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তাঁর ব্যাংক হিসাবে এক কোটির বেশি টাকা এসেছে। এ ছাড়া কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন সংস্থার সঙ্গে তাঁর লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তাঁর টাকা রোহিঙ্গা মুসলিম নামে একটি অনিবন্ধিত সংগঠনেও গেছে বলে প্রমাণ পাওয়া গেছে। আবার ঢাকার একটি পোশাক কারখানাতেও তাঁর হিসাব থেকে টাকা গেছে। সব মিলিয়ে প্রাথমিকভাবে মনে হয়েছে, তিনি জঙ্গিবাদে অর্থায়ন করছেন। এ ছাড়া যে সময় টাকা এসেছে, তখন দেশে রাজনৈতিক জ্বালাও-পোড়াও চলছিল। তিনি সেসবেও অর্থায়ন করেছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।

এদিকে মোশতাকের বিরুদ্ধে হবিগঞ্জ থানায় করা মামলায় বলা হয়েছে, তিনি তুরস্কে থাকাকালীন জঙ্গি সংগঠনে জড়ান। দেশে ফিরে দেশবিরোধী ও জঙ্গি সংগঠনে জড়ান। তাঁর একটি ব্যাংক হিসাবে ৯২ লাখ টাকা জমা হয় ও ৯১ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। ওই ব্যাংক হিসাবটিতে গত দুই বছরে ৪৮ লাখ টাকা রেমিট্যান্স (বিদেশ থেকে পাঠানো অর্থ) জমা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার থেকেও তাঁর ব্যাংক হিসাবে টাকা জমা হয়েছে। মামলায় মোশতাকের শাশুড়ি হামিদা খাতুন ও কাউসার নামের এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

তবে মামলায় বা সংবাদ সম্মেলনে পরিষ্কার করা হয়নি মোশতাক কোন জঙ্গি সংগঠনে কী উপায়ে অর্থায়ন করেন।

গ্রাম্য বিবাদ?

মোশতাকের গ্রেপ্তারে তাঁর গ্রামের লোকজন মিশ্র প্রতিক্রিয়া জানান। কারও দৃষ্টিতে তিনি সমাজসেবক। তাঁরা বলেন, পাঁচ বছর ধরে তিনি এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিপুল অর্থ দান করে আসছেন। গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে অর্থ, টিউবওয়েলসহ নানা উপকরণ দান করতেন।