জঙ্গি আবদুল্লাহর দুই আত্মীয় তিন মাস ধরে নিখোঁজ
ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত দিনাজপুরের নবাবগঞ্জের আবদুল্লাহর এক মামা তিন মাস ধরে নিখোঁজ। তাঁর নাম সুলতান মাহমুদ (২২)। তাঁর বাড়ি উপজেলার হরিরামপুর (মিঠাপুকুর) গ্রামে। একই সময় থেকে নিখোঁজ রয়েছেন সুলতানের সৎভাই আবদুল মতিনের ছেলে শাহীন আলম। শাহীন আবদুল্লাহর মামাতো ভাই।
তিন মাস ধরে নিখোঁজ থাকলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পুলিশ ও এলাকাবাসীর সন্দেহ, সুলতান মাহমুদ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে বাড়ি ছেড়েছেন। কারণ ওই বাড়িতে জঙ্গি আবদুল্লাহর যাতায়াত ছিল।
মঙ্গলবার বিকেলে নিখোঁজ সুলতান মাহমুদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বাবা কৃষক লোকমান বিশ্বাস ঘরের বারান্দায় বসে আছেন। ছেলে সম্পর্কে জানতে চাইলে বলেন, তিনি কিছু জানেন না।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে জানানো হয়েছে সুলতান মাহমুদ জঙ্গি সংগঠনের সদস্য। তাঁর একাধিক ছদ্মনাম আছে। সেগুলো হচ্ছে কামাল, রানা ও ইমন। সুলতান মাহমুদ রঘুনাথপুর ফাজিল মাদ্রাসা থেকে ২০১২ সালে দাখিল ও ২০১৪ সালে আলিম পাস করেন। এরপর বছর খানেক ওষুধ কোম্পানিতে কাজ করেছিলেন।
পরে পুলিশের কাছে সুলতানের ছোট ভাই বাশিরের মুঠোফোন নম্বর নিয়ে যোগাযোগ করা হলে বাশির প্রথম আলোকে বলেন, গত রমজানের এক মাস আগে বাড়িতে ঝগড়া করে সুলতান বাড়ি থেকে চলে যান। তারপর আর কোনো খোঁজ পাননি বা যোগাযোগ হয়নি বলে দাবি করেন।
একই সময় থেকে নিখোঁজ রয়েছেন সুলতানের সৎভাই আবদুল মতিনের ছেলে শাহিন আলম। শাহীন ঢাকার কল্যাণপুরে নিহত আবদুল্লাহর মামাতো ভাই। এ ছাড়া শাহিনের বড় বোন জান্নাতুন নেছাকে বিয়ে করেছেন আবদুল্লাহর বড় ভাই নূর ইসলাম। শাহীন ২০১৩ সালে রঘুনাথপুর ফাজিল মাদ্রাসা থেকে জেডিসি পাস করেন।