জঙ্গি আবদুল্লাহর মামাতো ভাই তিন মাস ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের আবদুল্লাহর মামাতো ভাই মো. শাহিন আলম (১৮) তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত তাঁর পরিবার থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেনি।
শাহিন নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর (মিঠাপুকুর) গ্রামের কৃষক আ. মতিনের ছেলে। জঙ্গি-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে শাহিন জড়িয়ে পড়েছেন বলে পুলিশ আশঙ্কা করছে।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, গোলাপগঞ্জের ইউপি চেয়ারম্যান রাশেদুল কবির গত বৃহস্পতিবার বিকেলে আ. মতিনকে নিয়ে থানায় গেলে তিনি শাহিনের নিখোঁজের বিষয়টি পুলিশকে জানান।
ওসি বলেন, ছেলে নিখোঁজের বিষয়টি লিখিত জানাতে বলা হয় মতিনকে। কিন্তু গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত তিনি কিছু জানাননি। তাঁর মধ্যে সন্তান হারানোর কোনো উদ্বেগও লক্ষ করা যায়নি।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শাহিনের বাড়িতে গেলে তাঁর বাবা মতিন প্রথম আলোকে বলেন, কল্যাণপুরে নিহত আবদুল্লাহর মামাতো ভাই শাহিন। ২০১৩ সালে তিনি রঘুনাথপুর ফাজিল মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় পাস করেন। এরপর চিরিরবন্দর উপজেলায় আবদুলপুর বানিঝুঁকি দারুস সুন্নাহ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানে দেড় বছর পড়ার পর চার মাস আগে বাড়ি এসে শাহিন বলেন, তিনি ঢাকায় বড় মাদ্রাসায় লেখাপড়া করতে চান। বড় মাদ্রাসায় লেখাপড়ার খরচ জোগান দেওয়া সম্ভব নয় বলে ছেলেকে জানালে তিনি বাড়ি থেকে চলে যান। তারপর থেকে শাহিন নিখোঁজ রয়েছেন।
আবদুল্লাহর সঙ্গে শাহিনের কোনো যোগাযোগ ছিল কি না জানতে চাইলে মতিন বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।