ঝিনাইদহ সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। এখন পর্যন্ত একটি বাড়ির পাশের বাঁশ বাগান থেকে দুটি সুইসাইড ভেস্ট (আত্মঘাতী বন্ধনী) এবং জঙ্গল থেকে ১৪-১৫টা ডিনামাইট স্টিক ও ২০-২২টি সার্কিট পাওয়া গেছে। আরেকটি বাড়ির পাশের কলা বাগান থেকে চারটি বোমা পাওয়া গেছে।
ঝিনাইদহ র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মুনির আহমেদ সাংবাদিকদের জানান, বাড়িগুলোর আশপাশের তিনটি স্থানে অভিযান চালানো হয়েছে। এরই মধ্যে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযানে যুক্ত হয়েছে। এখন আরও দুটি স্থান শনাক্ত করে সেখানেও অভিযান চালানো হবে।

ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডিং অফিসার (সিও) রফিকুল ইসলাম আজ বেলা দেড়টায় সংবাদকর্মীদের জানান, গতকাল সোমবার রাতে সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে ওয়াহাব বিশ্বাসের বাড়ি থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ব্যক্তির নাম সেলিম ও প্রান্ত। তাঁরা নব্য জেএমবির সদস্য। তাঁরা এই দুই বাড়ির মধ্যে তিনটি স্থানের তথ্য দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোর থেকে এই দুই বাড়িতে অভিযান চালানো হয়। সেলিমের বাড়ির পাশের বাঁশ বাগান থেকে দুটি সুইসাইড ভেস্ট ও জঙ্গল থেকে ১৪-১৫টা ডিনামাইট স্টিক ও ২০-২২টি সার্কিট পাওয়া যায়।
মেজর মুনির আহমেদ সাংবাদিকদের জানান, প্রান্তর বাড়ির পাশের কলার খেত থেকে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো খেতের মাটির নিচে পুঁতে রাখা ছিল। এর আগে বেলা ১১টার দিকে তিনি প্রথম আলোকে বলেছিলেন, বাড়ির ভেতরে মাটির নিচে বিস্ফোরক দ্রব্যসহ অন্য অস্ত্রশস্ত্র থাকতে পারে।
৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে জঙ্গিবিরোধী অভিযানে তুহিন নামের এক জঙ্গি নিহত হন। সেলিম সেই তুহিনের ভাই বলে পুলিশ নিশ্চিত করেছে।