জঙ্গি আস্তানায় নিহত ছেলের লাশ নেবেন না মা
মৌলভীবাজার শহরের বড়হাটে সন্দেহে থাকা জঙ্গি আস্তানায় নিহত তিনজনের একজনকে শনাক্ত করেছেন মা। আজ মঙ্গলবার সকালে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে গিয়ে তিনি নিহত একজনকে তাঁর ছেলে আশরাফুল আলম নাজিম (২২) বলে শনাক্ত করেছেন। তবে তিনি লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
বড়হাটের ঘটনায় সন্ত্রাস দমন আইনে আজ একটি মামলা হয়েছে।
দুপুর ১২টায় মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল তাঁর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। নিহত নাজিম প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, আজ হাসপাতালের মর্গে গিয়ে মা মনোয়ারা বেগম ছেলে আশরাফুল আলম নাজিমের লাশ দেখে শনাক্ত করেছেন। তাঁকে ছবি ও লাশ দেখানোর পর তিনি নাজিমকে ছেলে বলে নিশ্চিত করেছেন। নিহত বাকি দুজনের লাশও তাঁকে দেখানো হয়েছে। তবে তিনি তাঁদের চেনেন না বলে জানিয়েছেন। লাশ গ্রহণের বিষয়ে বলা হলে, তিনি তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, যে ছেলে দেশের বিরুদ্ধে ন্যক্কারজনক কাজ করেছে, তার লাশ তিনি নেবেন না।
পুলিশ সুপার বলেন, নাজিমের মা জানিয়েছেন, সাত-আট মাস আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন নাজিম। নিহত হওয়ার ১৫-২০ দিন আগে নাজিম একরাতে মাকে ফোন করেন। সেটাই ছিল ছেলের সঙ্গে তাঁর শেষ কথোপকথন।
পুলিশ জানিয়েছে, নিহত নাজিমের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়ন পরিষদের কুমারগড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম সুলতান আহমদ (মারা গেছেন)। নাজিম স্থানীয় মাদ্রাসায় পড়তেন। সিলেটের শিববাড়িতে সেনা অভিযান চলাকালে জঙ্গি আস্তানার কাছের হামলায় নেতৃত্ব নাজিমই দিয়েছিলেন বলে মনে করছে পুলিশ। লাশ শনাক্ত করার জন্য তাঁর মাকে ডেকে পাঠায় পুলিশ।
বড়হাটের ঘটনায় আজ মৌলভীবাজার সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে।
মৌলভীবাজার পৌরসভার ভেতরে বড়হাট এলাকার আবু শাহ দাখিল মাদ্রাসার গলিতে দোতলা বাড়িটি গত মঙ্গলবার রাত থেকে ঘিরে রাখে পুলিশ। বুধবার ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ৫৩ ঘণ্টা ঘিরে রাখার পর শুক্রবার সকাল থেকে শুরু হয় সোয়াটের ‘অপারেশন ম্যাক্সিমাস’। অভিযান শেষ হওয়ার পর ওই বাড়ির ভেতরে তিনজনের লাশ পাওয়া যায়। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।