জঙ্গি আস্তানায় নিহত ছেলের লাশ শনাক্তে এসেছেন মা
মৌলভীবাজার শহরের বড়হাটে সন্দেহে থাকা জঙ্গি আস্তানায় নিহত তিনজনের একজনকে ছেলে দাবি করে লাশ শনাক্ত করতে হাসপাতালের মর্গে এসেছেন এক নারী। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে ওই নারী স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও তাঁর স্ত্রীকে নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে প্রবেশ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অখিল উদ্দিন আহম্মদ। তিনি জানান, নিহত তিনজনের একজন আশরাফুল আলম নাজিম। তাঁর মা মনোয়ারা বেগম ছেলের লাশ শনাক্ত করার জন্য হাসপাতালের মর্গে এসেছেন। তাঁর সঙ্গে আছেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউপির সদস্য মোতাহার হোসেন ও তাঁর স্ত্রী (নাম জানা যায়নি)।
মৌলভীবাজার পৌরসভার ভেতরে বড়হাট এলাকার আবুশাহ দাখিল মাদ্রাসার গলিতে দোতলা বাড়িটি গত মঙ্গলবার রাত থেকে ঘিরে রাখে পুলিশ। গত বুধবার ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ৫৩ ঘণ্টা ঘিরে রাখার পর গত শুক্রবার সকাল থেকে শুরু হয় সোয়াটের ‘অপারেশন ম্যাক্সিমাস’। অভিযান শেষ হওয়ার পর ওই বাড়ির ভেতরে তিনজনের লাশ পাওয়া যায়। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। নিহত পুরুষদের মধ্যে একজন সিলেটের শিববাড়িতে সেনা অভিযান চলাকালে জঙ্গি আস্তানার কাছের হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে জানায় পুলিশ। অভিযানে নিহত তিনজনের লাশের ময়নাতদন্ত গত রোববার শেষ হয়েছে।