জঙ্গি জানলে নিজেই ছেলেকে পুলিশে দিতেন তিনি
ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত—এটা জানতে পারলে নিজেই ছেলেকে আইনের হাতে সোপর্দ করতেন বলে জানিয়েছেন মুকুল রানার বাবা আবুল কালাম আজাদ। ‘বন্দুকযুদ্ধে’ নিহত মুকুলের লাশ আজ মঙ্গলবার তাঁর গ্রামের বাড়িতে পৌঁছার পর বাবা আবুল কালাম আজাদ এভাবেই আক্ষেপ প্রকাশ করছিলেন।
পুলিশের পুরস্কার ঘোষিত ছয় জঙ্গির মধ্যে একজন হলেন মুকুল রানা (২৩)। প্রথমে তাঁর নাম বলা হচ্ছিল শরিফুল। গত শনিবার ঢাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি। পুলিশ বলছে, বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায়ের খুনে নেতৃত্ব দেন মুকুল।
মুকুলের বাবা আবুল কালাম আজাদ বলেন, ‘যারা মানুষ মারে, তাদের মেনে নেওয়া যায় না। আমার ছেলে জঙ্গি কিংবা অন্য কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিল কি না, তা আমি জানতাম না। যদি জঙ্গিদের সঙ্গে সে জড়িয়ে থাকে, তবে তাঁকে বিচার করে ফাঁসি দিলে আক্ষেপ থাকত না, বরং খুশি হতাম। তাঁর কাছ থেকে তথ্য পেলে এ সবের পেছনে কারা আছে জানা যেত। তথ্য উদ্ঘাটন করতে পারলে দেশে খুনখারাবি বন্ধ হতো।’
নিজে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, তাঁর ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিল, এটা জানতে পারলে নিজেই আইনের হাতে সোপর্দ করতেন। নিজেই বিচারের আওতায় আনার ব্যবস্থা করতেন। তিনি দাবি করেন, তাঁর ছেলের মতো মেধাবী ছেলে তাঁদের গ্রামে ছিল না। আক্ষেপ করে বলেন, কোথা থেকে যে কি হলো কিছু বুঝতে পারছেন না।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ ও স্থানীয় ধুলিহর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে মুকুল রানার মৃতদেহ সাতক্ষীরা সদর উপজেলার বালুইগাছা গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় আশপাশের এলাকার অনেকেই তাঁর মৃতদেহ দেখতে ভিড় করে। জানাজা শেষে বেলা ১১টার দিকে বাড়ির আঙিনায় ফাঁকা স্থানে আগে থেকে তৈরি করে রাখা কবরে তাঁকে দাফন করা হয়।