জঙ্গি দমনে বিভিন্ন দেশের সমন্বয়ে কাজ করা সময়ের দাবি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশের জঙ্গিরা ‘হোমগ্রোন’। কিন্তু জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বিভিন্ন দেশের সমন্বয়ে কাজ করা এখন সময়ের দাবি। এককভাবে জঙ্গিবাদ দমন সম্ভব নয়।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি এ কথা বলেন। ঢাকায় ১৪ দেশের পুলিশ প্রধান ও অন্য কর্মকর্তাদের অংশগ্রহণে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে ১২ মার্চ। সে উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলন চলবে ১৪ মার্চ পর্যন্ত। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশির ভাগ দেশসহ মোট ১৪টি দেশের পুলিশ প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তর্জাতিক ওই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। এর বাইরেও বেশ কয়েকটি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধি এবং ফেসবুক কর্মকর্তার উপস্থিত থাকার কথা রয়েছে।
এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, পাকিস্তানকে সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ পাঠানো হলেও দেশটি সাড়া দেয়নি। আন্তর্জাতিক সম্মেলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে শহীদুল হক বলেন, বাংলাদেশ এখনো জঙ্গিবাদ ও সন্ত্রাসের ভয়াল থাবা থেকে মুক্ত নয়। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রতিবেশী দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় এখন অত্যন্ত প্রয়োজন। দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষের সংস্কৃতি, চিন্তাচেতনা, জীবনধারা ও অর্থনৈতিক কাঠামো প্রায় একই ধরনের। এ অঞ্চলের অপরাধের ধরন ও বৈশিষ্ট্যে অনেক মিল। তাই জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে এ অঞ্চলের দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি উপায় উদ্ভাবন করা জরুরি।
‘চিফস অফ পুলিশ কনফারেন্স অব সাউথ এশিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রিজ অন রিজিওনাল কো–অপারেশন ইন কারবিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম’ শিরোনামে আয়োজিত সম্মেলনে মোট ১৪টি অধিবেশন থাকছে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনেই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের পুলিশ প্রধান ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা থাকছেন। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশসহ (এএফপি) আসিয়ান পোল, অপরাধ তদন্ত নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন (আইজিসিআই), ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেনিং অ্যাসিসটেন্স প্রোগ্রাম থেকেও কর্মকর্তারা আসছেন।
সম্মেলনে জঙ্গিবাদ দমন, মানবপাচার, অর্থনৈতিক অপরাধ এবং সন্ত্রাসী অর্থায়ন, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। এর বাইরে পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইন্টারপোলের মহাসচিবসহ নয়টি দেশের পুলিশ প্রধান দ্বিপক্ষীয় আলোচনা করবেন।
এ দিকে পুলিশের সহকারী মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান সংবাদ সম্মেলন শেষে বলেন, অনুষ্ঠানটি নানা কারণে গুরুত্বপূর্ণ। ভারত, যুক্তরাষ্ট্রের এফবিআই ও অস্ট্রেলিয়ার এএফপির সঙ্গে বাংলাদেশের পুলিশের ভালো যোগাযোগ আছে। একই রকম যোগাযোগ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে থাকা প্রয়োজন। দক্ষিণ কোরিয়া গোটা বিশ্বে সাইবার স্পেস ব্যবহার করে যেসব অপরাধ হচ্ছে সেগুলোর তদন্তে সবচেয়ে এগিয়ে আছে। আর চীন এ অঞ্চলের অন্যতম শক্তি। বিশ্বের বেশির ভাগ পুলিশের মতো বাংলাদেশ পুলিশও যেসব জিনিস ব্যবহার করে তা চীন থেকে আনা। এই বৈঠকে বেশ কিছু দেশের পুলিশ বাহিনীর সঙ্গে সমঝোতা স্মারক হতে পারে। এতে করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, হস্তান্তর করা সম্ভব হবে।
মনিরুজ্জামান আরও বলেন, পুলিশ বলছে, জঙ্গিবাদে উদ্বুদ্ধ ৭০০ জনের ওপর গবেষণা করে দেখা গেছে, ৮২ ভাগ তরুণ অনলাইনের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছেন। সে কারণে সম্মেলনে ফেসবুককে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।