জঙ্গি দমনে সামাজিক উদ্যোগ কম
সরকারের জঙ্গিবাদ মোকাবিলার কার্যক্রম কার্যত প্রচলিত ‘ধরো-মারো-ধ্বংস করো’ নীতিতে আটকে আছে। জঙ্গিবাদে আকৃষ্ট হওয়া থেকে নিবৃত্ত করা, পথচ্যুতদের ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনে পুনর্বাসনের মতো সামাজিক কর্মসূচি তেমন একটা নেই। যেটুকু আছে, তাতেও সমন্বয়ের অভাব।
গুলশানের হলি আর্টিজানে হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার জঙ্গিবাদ দমনে বাবা-মা, শিক্ষক ও মসজিদের ইমামদের প্রতি বিভিন্ন পরামর্শ দিয়েছে। কিন্তু সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে কোনো সমন্বয়, সামাজিক বা বেসরকারি প্রতিষ্ঠানের তেমন কোনো উদ্যোগ বা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই। একেবারে শেষ পর্যায়ে এসে যখন তরুণেরা সহিংসতায় জড়াচ্ছে, তখন পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে, আত্মঘাতী হচ্ছে বা পুলিশের অভিযানে নিহত হচ্ছে।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের কর্মকর্তা ও জঙ্গিবাদ নিয়ে ওয়াকিবহাল দেশি, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, র্যাডিক্যালাইজেশন বা জঙ্গি মতবাদে উদ্বুদ্ধ হওয়া জঙ্গিবাদে জড়ানোর প্রথম ধাপ, সহিংসতা গন্তব্য। জঙ্গি মতবাদে উদ্বুদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকা তরুণ থেকে অপরাধে জড়িয়ে যাঁরা কারাগারে আছেন, তাঁদের সবাইকে অন্তর্ভুক্ত করা যায় এমন কর্মসূচির অভাবে বাংলাদেশে জঙ্গিবাদ দমন করা যাচ্ছে না।
ছিটেফোঁটা যেসব কর্মসূচি আছে, সেগুলোতেও সাধারণ মানুষের অংশগ্রহণ কম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সাধারণ মানুষ মনে করছে যে জঙ্গিবাদবিরোধী কাজ সরকারি কাজ। তাই তারা নিজেরা এসব কাজের সঙ্গে যুক্ত হতে আশ্বস্ত বোধ করছে না।
নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে ক্ষমতাসীন সরকারের আপসকামী মনোভাবও জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন অনেকে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম মনে করেন, সরকার জঙ্গিবাদ দমনের নামে জামায়াতে ইসলামীর মতো সাম্প্রদায়িক একটি দলের বিরুদ্ধে হেফাজতে ইসলামের মতো একটি দলকে মাঠে নামিয়েছে। পাঠ্যক্রমে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের দাবি পূরণ করেছে। ‘আগুন দিয়ে আগুন নেভানো’র এই কৌশল দেশের জন্য শুভ হবে না।
একই মন্তব্য করেছেন সাহিত্যিক আবুল মোমেন। তিনি অবশ্য সংস্কৃতিকর্মীদের ভূমিকা নিয়েও কথা বলেন। তিনি বলছিলেন, যাঁরা বরাবর গান শোনেন, তাঁরাই শুনছেন। নতুন করে সংস্কৃতিকর্মীরা কাউকে যুক্ত করতে পারেননি। সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃত্তাবদ্ধ হয়ে পড়েছে।
কী হলো, ফল কী হলো
গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলার পর গত বছরের ১০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক থেকে সারা দেশের মসজিদগুলোতে জঙ্গিবাদবিরোধী ‘অভিন্ন খুতবা’ প্রচারের সুপারিশ করে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে দেশের ৩ লাখ মসজিদে জঙ্গিবাদবিরোধী খুতবা পাঠানো হয়। কিন্তু অনেক মসজিদের ইমাম খুতবা ঠিক করে দেওয়াকে তাঁদের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও মনে করেন। তিনটি খুতবা প্রচারের পর সরকার ওই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে।
এর এক মাস পর কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদের নেতৃত্বে ১ লাখ ‘ওলামা’র স্বাক্ষর-সংবলিত ফতোয়া প্রকাশ করা হয়। ১২ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফরিদ উদ্দীন মাসউদ ওই ফতোয়া প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। ফরিদ উদ্দীন মাসউদ প্রথম আলোকে বলেন, ফতোয়া প্রচারের জন্য কেন্দ্রীয় কোনো উদ্যোগ নেই। দুটি উদ্যোগই ব্যর্থ হয়।
তবে ওই সময়ে সরকারের পক্ষ থেকে বেশ কিছু প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়। সরকারি কৌঁসুলিদের (পিপি) সন্ত্রাসবাদের মতো স্পর্শকাতর মামলা খুব সতর্কতার সঙ্গে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করে। পিস টিভির প্রচার বন্ধ করা হয়।
মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিচ্ছিন্নভাবে কিছু মৌখিক ও লিখিত নির্দেশনা দেওয়া হয়। তবে ওই সব নির্দেশনা কীভাবে বাস্তবায়িত হবে, সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। যেমন বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতা নীতির আলোকে জঙ্গিবাদবিরোধী কর্মসূচি নিতে হবে। কিন্তু এই কাজগুলো কীভাবে করতে হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি। কমপক্ষে তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, জঙ্গিবাদ দমনে তাঁরা জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। নতুন করে কেউ এলাকায় এসেছে কি না বা কারও আচরণ সন্দেহজনক মনে হচ্ছে কি না, স্থানীয় জনপ্রতিনিধিদের তার দিকে নজর রাখতে বলা হয় ওই সব বৈঠকে। প্রশাসন নজরদারিতে মনোযোগ দিলেও দেশজুড়ে তরুণদের যুক্ত করা যায় এমন কোনো কর্মসূচির উদ্যোগ ছিল না।
কী করা উচিত, কী করছে: পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ দমনের কাজ শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ধর্ম, সংস্কৃতি, স্থানীয় সরকার, প্রবাসীকল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে করতে হবে। কোনো কোনো কাজে একাধিক মন্ত্রণালয়ের সম্পৃক্ততা দরকার। যেমন ইসলামিক ফাউন্ডেশন ধর্মের অপব্যাখ্যা রোধে পাল্টা বক্তব্য তৈরি করবে, তথ্য মন্ত্রণালয় তা গণমাধ্যমে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ তা অনলাইনে প্রচার করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করবে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের খোঁজখবর রাখবে, স্কুল-কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে। যাঁরা বিদেশে কাজ করতে যাচ্ছেন, তাঁদেরও জঙ্গিবাদ সম্পর্কে তথ্য দিতে হবে।
আলাদাভাবে মন্ত্রণালয়গুলোতে খোঁজ নিয়ে যে চিত্র পাওয়া গেছে তা হতাশাব্যঞ্জক।
পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক ও কাউন্টার টেররিজম ফোকাল পয়েন্ট মো. মনিরুজ্জামান বলেন, তাঁরা গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদে দেখেছেন, ৮২ শতাংশই উদ্বুদ্ধ হয়েছেন অনলাইন থেকে। ধর্ম সম্পর্কে কৌতূহল মেটাতে গিয়ে তাঁরা জঙ্গিদের খপ্পরে পড়ে গেছেন।
ধর্মের অপব্যাখ্যা রোধে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়নি বলে নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী। তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে ধর্মের অপব্যাখ্যা রোধে তাঁরা পাল্টা বক্তব্য পাচ্ছেন না। তাই সরকার টিভি চ্যানেল, রেডিওসহ গণমাধ্যমকে ধর্মের অপব্যাখ্যা রোধে কাজে লাগাতে পারছে না। হলি আর্টিজানে হামলার পর ‘বাড়ি ভাড়া প্রদানে সতর্কতা’ ও ‘সন্তানের গতিবিধির ওপর নজর রাখা’ বিষয়ে দুটি বিজ্ঞাপন ও কিছু পোস্টার তৈরি করা হয়েছে। প্রাইভেট চ্যানেলগুলো এ দুটি বিজ্ঞাপন প্রচার করেছে। হলি আর্টিজানে হামলার বছর পাঁচেক আগে জঙ্গিবাদবিরোধী ১৮টি ভিডিও ডকুমেন্টারি বানিয়েছিল চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর। তাদের কাজের প্রভাব কতটুকু, কারা দেখছেন, কারা শুনছেন, সে ব্যাপারে কোনো মূল্যায়ন নেই।
সমন্বয় বলতে শুধু শিক্ষা মন্ত্রণালয় মোটামুটি নিয়মিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা দেয়। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যোগাযোগ কতটা জানতে চাইলে সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সংস্কৃতিমন্ত্রী সব স্কুলে সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীকে অনানুষ্ঠানিক চিঠি দেন গত বছরের আগস্টে। আসাদুজ্জামান নূর নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গত বছরের ৬ আগস্ট ঢাকা জেলা প্রশাসক ঢাকা মহানগরীর সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। স্কুল-কলেজগুলোয় ক্লাব, বিতর্ক, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খেলাধুলা নিয়মিত অনুষ্ঠানের ব্যাপারে সে সময় সিদ্ধান্ত হয়। আট মাস পেরিয়ে গেলেও ওই সিদ্ধান্ত বাস্তবায়নে স্কুলগুলো কী কী করেছে তার মূল্যায়ন হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান বলেন, তাঁরা নজরদারি করছেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজেরও সমালোচনা আছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যেভাবে কাজ করা দরকার, তা করা হচ্ছে না। শহরে নাট্যোৎসব হচ্ছে, কিছু কিছু সাংস্কৃতিক উৎসব হচ্ছে। এতটুকু দিয়ে কত মানুষকে যুক্ত করা যাচ্ছে, তা নিয়ে সন্দেহ আছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা অর্থের অভাবের কথা বলেছেন।
বরং হলি আর্টিজানসহ পরপর কয়েকটি হামলার পর অতিসতর্কতার জন্য দমবন্ধ অবস্থায় পড়েছেন সংস্কৃতিকর্মীরা। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের টাঙ্গাইল জেলা সভাপতি নীহার সরকার বলেন, অনুষ্ঠানের অনুমতি পেতে হাজারটা শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, সন্ধ্যার পর অনুষ্ঠানের অনুমতি পাওয়া যাচ্ছে না। জঙ্গিবাদ নির্মূল বা নিয়ন্ত্রণের নামে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শামীম আফজাল খান অবশ্য নিজের কর্মকাণ্ডে খুবই সন্তুষ্ট। তিনি বিভিন্ন বই ও লিফলেট প্রচার করে জঙ্গিবাদ সফলভাবে মোকাবিলা করছেন বলে দাবি করছেন। জানা গেছে, যেসব বই প্রচারিত হচ্ছে, তার বেশির ভাগই নিজের লেখা। জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তিনি সম্প্রতি দেশজুড়ে ১ হাজার ১০টি প্রগতিশীল কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রস্তাব জমা দিয়েছেন। তবে প্রগতিশীল মাদ্রাসার কোনো ব্যাখ্যা তিনি দেননি। ইসলামিক ফাউন্ডেশন রবি ও বাংলালিংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে, যেন ধর্ম নিয়ে যে কেউ যেকোনো সময় প্রশ্নের উত্তর পায়। নম্বরগুলো প্রচারের কোনো ব্যবস্থা নেই।
নিরাপত্তা বিশ্লেষক ইশফাক এলাহী চৌধুরী বলেন, এখন পর্যন্ত ডির্যাডিক্যালাইজেশনের কাজটা সেভাবে শুরু হয়নি। র্যাব একটি পুস্তিকা প্রকাশ করেছে। এটা বেশ ভালো। ফতোয়াও প্রকাশ করা হয়েছিল, কিন্তু সেটার প্রচার হয়নি। কেউ অপরাধ করে কারাগারে গেলে তাঁকে ধর্মের সঠিক ব্যাখ্যা ও জেল থেকে বেরিয়ে তিনি যেন আয়রোজগার করে চলতে পারেন, সেই ব্যবস্থাও দেশে নেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, বাজেটে জঙ্গিবাদ দমনের কর্মসূচির জন্য আলাদা কোনো বরাদ্দই নেই।