জঙ্গিবিরোধী অভিযানে দুটি রামদা উদ্ধার
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দি, সিটি গাড়ামারা ও বিজলকান্দি গ্রামে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। তবে এ অভিযানে দুটি রামদা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
গতকাল সোমবার দিবাগত রাত একটা থেকে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদের নেতৃত্বে র্যাব ও পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্গম চরাঞ্চলে জঙ্গিরা আত্মগোপন করে থাকতে পারে—এমন খবরের ভিত্তিতে ওই সব এলাকায় যৌথ অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে জঙ্গিদের কোনো আস্তানার সন্ধান পাওয়া যায়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে হলদিয়া ইউনিয়নের সিটিগাড়ামার চর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
এসব বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বলেন, অভিযান চালানোর সময় এলাকার নিখোঁজ ব্যক্তিদের তথ্য খোঁজ করা হয়েছে।