জঙ্গি মুরাদের শরীরে গুলির নয়টি চিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের রূপনগরে নিহত জঙ্গি মুরাদ ওরফে জাহাঙ্গীরের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজে তাঁর ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিনের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।

বেলা পৌনে দুইটার দিকে ময়নাতদন্ত শুরু হয়ে শেষ হয় বেলা তিনটার দিকে।

পরে সোহেল মাহমুদ বলেন, ওই ব্যক্তির বয়স ২৫ বছর। গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে গুলির নয়টি চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে মাথায় তিনটি, বুকে, হাতে ও পায়ে ছয়টি গুলির চিহ্ন আছে। এ ছাড়া ডিএনএ পরীক্ষার জন্য মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

রূপনগরে গতকাল শুক্রবার রাতে পুলিশের অভিযানে জঙ্গি মুরাদ নিহত ও ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হন। পুলিশ বলছে, তিনি নব্য জেএমবির ‘প্রশিক্ষক’ এবং সংগঠনে নিহত জঙ্গি তামিম চৌধুরীর পরেই ছিল তাঁর অবস্থান। নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের পর পুলিশের কাছে তথ্য ছিল, তামিমের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন এই মুরাদ।