জঙ্গি মুসার মা ভাইবোনকে তুলে নিয়ে গেছে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিববাড়ির আতিয়া মহলে নিহত জঙ্গি নেতা মঈনুল ইসলাম ওরফে মুসার পরিবারের তিন সদস্যকে সাদাপোশাকের ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হলেন মুসার মা সুফিয়া বেগম (৫৬), ভাই খায়রুল ইসলাম (৩৫) ও বোন কামরুন নাহার (২৩)।
তবে থানা-পুলিশ তাঁদের ব্যাপারে কিছু না বললেও জেলা গোয়েন্দা পুলিশ তা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ ছাড়াও তাঁদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে বলে পুলিশের একটি সূত্র জানায়।
বুজরুককোলা গ্রামের চার ব্যক্তি বলেন, বুধবার সন্ধ্যায় একদল পুলিশ মঈনুলের বাড়িতে আসেন। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। জঙ্গি মঈনুল মারা যেতে পারেন বলে প্রশাসনের লোকজন পরিবারের সদস্যদের জানান। পরে তাঁদের একটি মাইক্রোবাসে করে রাজশাহী শহরের দিকে নিয়ে যাওয়া হয়। বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, তাঁরা এ বিষয়ে কিছু জানেন না।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সেলিম হোসেন তিনজনকে নেওয়ার কথা স্বীকার করে বলেন, সিলেটের জঙ্গি আস্তানায় নিহত চারজনের মধ্যে একজনকে রাজশাহীর বাগমারার বুজরুককোলা গ্রামের মঈনুল ইসলাম ওরফে মুসা বলে ধারণা করা হচ্ছে। তাঁর ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য মুসার মা, ভাই ও বোনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। নব্য জেএমবির প্রতিষ্ঠাতাদের মধ্যে তামিম এবং মেজর (অব.) জাহিদ পুলিশের অভিযানে নিহত হওয়ার পর এই মুসাই নব্য জেএমবির হাল ধরেছিলেন। আতিয়া মহলের মালিকের কাছে থাকা ছবির সঙ্গে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটে থাকা মুসার ছবির হুবহু মিল থাকায় নিহত চার জঙ্গির একজন মুসা বলে মনে করা হচ্ছে।