জঙ্গি শফিউলের আশ্রয়দাতা গ্রেপ্তার

জঙ্গি শফিউলকে আশ্রয়দানকারী বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাঁকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পান্তাপাড়া এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে র্যাব-১৩ এর একটি দল।
র্যাবের পাঠানো খুদে বার্তায় জানানো হয়, উত্তরবঙ্গে চাঞ্চল্যকর চারটি হত্যার সঙ্গে জড়িত জেএমবি শফিউল ওরফে আবু মুকাতিল। তাঁকে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত আশ্রয় দেন আনোয়ার।
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের হামলার ঘটনায় আটক হন শফিউল ইসলাম। সন্দেহভাজন জঙ্গি শফিউল (২০) পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যায় সরাসরি জড়িত। এ মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্রে শফিউলের নাম উল্লেখ রয়েছে।
এসব বিষয়ে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক মো. কায়সার আলী আজ বেলা দুইটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন জানিয়েছেন তিনি জঙ্গি শফিউল ও তাঁর কথিত এক ভাইকে ছাড়া কাউকে দেখেননি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, বাড়ির মালিক আনোয়ার হোসেনের বাড়িতে জঙ্গি প্রশিক্ষণ হতো কি না এবং তাঁর সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কি না—খোঁজখবর করা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।

এদিকে আজ দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়াস্থ মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেনের বাড়িতে যান আমাদের গাইবান্ধা প্রতিনিধি। সেখানে গিয়ে দেখা যায়, একটি আধপাকা টিনশেড বাড়ি। এর সামনের দিকের অংশে জঙ্গি শফিউল পরিবার নিয়ে থাকতেন। আর পেছনের অংশে পরিবার নিয়ে থাকতেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেনের চার ছেলেমেয়ে।
আনোয়ারের স্ত্রী তুহিন বেগম বলেন, ‘শফিউল তাঁর ছোট একটি সন্তান ও স্ত্রীকে নিয়ে আমাদের বাসায় ভাড়া থাকতেন। তাঁকে ভাড়াটে হিসেবে চিনতাম। তিনি কী করতেন আমরা জানতাম না। তবে ভাড়া নেওয়ার পর তারা ঘরে থেকে তেমন একটা বের হতেন না। এ ছাড়া আমরা কিছু জানি না।’
পান্তাপাড়াস্থ এলাকার কয়েক জন জানান, আনোয়ারের বাড়িতে ভাড়াটে থাকার কথা শুনেছি। কিন্তু ওই ভাড়াটে কারও সঙ্গে মিশতেন না। তবে তিনি কী করতেন এমন কিছু আমাদের চোখে পড়েনি।
আরও পড়ুন: