জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, শাহজালালের ছাত্র আটক
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক ওই শিক্ষার্থী হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মো. আবদুল আজিজ।
পুলিশ আজ মঙ্গলবার আজিজকে আটকের কথা জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার দুপুর ১২টা থেকেই সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইউপি বিভাগে অবস্থান নেন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য সেখানে যান। প্রক্টরিয়াল বডির সদস্যরা বিষয়টি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাকে জানান। পরে বেলা একটার দিকে জালালাবাদ থানার পুলিশের উপস্থিতিতে সাদাপোশাকধারী পুলিশের সদস্যরা আজিজকে আটক করে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার বলেন, ‘সাদাপোশাকে কয়েকজন ব্যক্তি ওই বিভাগে অবস্থান নিলে আমি বিষয়টি জালালাবাদ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেনকে জানাই। পরে তাঁর উপস্থিতিতে ওই শিক্ষার্থীকে আটক করে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।’
যোগাযোগ করা হলে ওসি আখতার হোসেন বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন।
পরে সিলেটের গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার নুরুল হূদা আশরাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই শিক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে আটক করে নিয়ে গেছে।