জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীতে পাঁচজন গ্রেপ্তার

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর বাড্ডা ও সায়েদাবাদ থেকে দুই প্রকৌশলীসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যা ব। র্যা বের দাবি, তাঁরা জঙ্গিবিরোধী অভিযানে নিহত ‘সারোয়ার-তামিম’ গ্রুপের ও একই জঙ্গি সেলের সদস্য। তাঁরা সরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনা করেছিলেন।
গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে র্যা বের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র্যা ব বলেছে, গ্রেপ্তার পাঁচজন হলেন অলিউজ্জামান ওরফে অলি (২৮), আনোয়ারুল আলম (২৯), সালেহ আহাম্মেদ শীষ (২২), আবুল কাশেম (২৭) ও মো. মোহন ওরফে মহসিন (২০)। তাঁদের কাছ থেকে বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, জঙ্গিবাদী বই, খেলনা পিস্তল, বন্দুক ও ৩ লাখ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যা বের অতিরিক্ত মহাপরিচালক (অভিযান) কর্নেল মো. আনোয়ার লতিফ খান বলেন, গ্রেপ্তার অলিউজ্জামান ও আনোয়ারুল ২০১২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করেন। অলিউজ্জামান একটি বহুজাতিক কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কাজ করেন এবং আনোয়ারুল একটি কোচিং সেন্টারে পড়ান। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে বাড্ডা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্য অনুয়ায়ী সোমবার দিবাগত রাত তিনটার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুয়েটে পড়ার সময় অলিউজ্জামান উগ্রবাদে আকৃষ্ট হন। ২০১৫ সালে তিনি ‘সারোয়ার-তামিম’ গ্রুপে যোগ দেন। প্রায় সোয়া এক বছর থেকে তিনি মিরপুর-কাফরুল এলাকায় একটি জঙ্গি সেল পরিচালনা করেন। দলীয় সদস্যদের ইন্টারনেট ও ‘টেলিগ্রাম আইডি’ ব্যবহারের শিক্ষা দিতেন তিনি। তাঁর মাধ্যমেই আনোয়ারুল, আবুল কাশেম ও সালেহ আহাম্মেদ জঙ্গিবাদে জড়ান। মোহন জঙ্গিবাদে জড়ান কাশেমের মাধ্যমে। আনোয়ারুল বোমা তৈরিতে পারদর্শী। কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসা থেকে পাস করা কাশেম আরবিতে লেখা বিভিন্ন উগ্রবাদী মতবাদ বাংলায় ভাষান্তর করে ইন্টারনেটে ছড়িয়ে দিতেন।
আনোয়ার লতিফ খান বলেন, সালেহ আহাম্মেদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি মুফতি আবদুল হান্নানের আত্মীয়। সালেহ ও মোহন চট্টগ্রাম থেকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। অলিউজ্জামানের নেতৃত্বাধীন সেলের সদস্যসংখ্যা ১০-১২ জন। তাঁরা সবাই মিরপুর ও কাফরুলের বাসিন্দা। সরকারি স্থাপনায় নাশকতা করতে এই সেলের দুই সদস্য মনির ও সালমান ওরফে আবদুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মনির ও সালমানসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে র্যা ব-১০-এর অধিনায়ক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, র্যা বের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রইসুল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন, গ্রেপ্তার পাঁচজনের সঙ্গে গুলশানের হলি আর্টিজানে হামলাকারীদের যোগাযোগ ছিল কি না, তাঁরা কোন স্থাপনায় হামলা করতে চেয়েছিলেন এবং চট্টগ্রামের কোন এলাকায় ওই দুজন অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছেন? এসব প্রশ্নের জবাবে আনোয়ার লতিফ বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত করলে এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।