জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ সেমিস্টারের মাহমুদ চৌধুরী (২৬)।

মাহমুদ নগরের জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা আজ মঙ্গলবার তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এলএলএম ফাইনাল পরীক্ষা চলাকালে পুলিশ মাহমুদকে আটক করে। ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে আটক করে গতকাল রাতেই ঢাকায় নিয়ে গেছে।

মাহমুদ যে লিডিং ইউনিভার্সিটির ছাত্র, সেটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন। তবে তিনি এ ব্যাপারে আর মন্তব্য করেননি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ রহমত উল্লাহও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। বলেন, মাহমুদকে গ্রেপ্তারের বিষয়টি তাঁদের জানা নেই।