জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালালের ছাত্র আটক
জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই শিক্ষার্থীর নাম ইফ্ফাত আহমেদ চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাঁকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ে নিজের বিভাগে ক্লাস থেকে বের হওয়ার পর সাদাপোশাকধারী ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা ইফ্ফাতকে আটক করেন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে যান। এ সময় ওই ইউনিটের সদস্যরা প্রক্টরিয়াল বডিকে ইফ্ফাতের বিরুদ্ধে জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. রাশেদ তালুকদার প্রথম আলোকে বলেন, সিলেটের জালালাবাদ থানা-পুলিশের উপস্থিতিতে ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা ইফ্ফাতকে অাটক করে নিয়ে গেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যে-ই জড়িত থাকুক না কেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করব।’
বিশ্ববিদ্যালয়ের ভর্তির নথি অনুসারে, ইফ্ফাত সিলেট শহরের মিরাবাজার এলাকার ব্যবসায়ী খালেদ আহমেদ চৌধুরীর ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এই বিভাগে ভর্তি হন।