জঙ্গি-সংশ্লিষ্টতায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বৃহস্পতিবার সকালে সাদমান আবেদীন নামের ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে আটক করা হয়। তিনি ওই বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, সাদমান আবেদীন ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে সিএসই বিভাগে (ব্যবহারিক) ফাইনাল পরীক্ষা দিতে যান সাদমান আবেদীন। পরীক্ষা চলার সময় সকাল পৌনে ১০টার দিকে সাদমানকে আটক করে নিয়ে যায় ঢাকার কাউন্টার টেররিজম ইউনিট ও সিলেট মহানগরের জালালাবাদ থানার পুলিশ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন প্রথম আলোকে বলেন, সাদমানের বিরুদ্ধে জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে জালালাবাদ থানা-পুলিশের সহায়তায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা আটক করেছেন।