ময়মনসিংহে জঙ্গি সন্দেহে আটক সাত তরুণের মধ্যে একজন মেডিকেল কলেজের ছাত্র। একজন পেশায় ব্যবসায়ী ও আরেকজন বেকার, গ্রামের বাড়িতে থাকতেন বলে পরিবার দাবি করছে।
গত সোমবার দুপুরে ময়মনসিংহ শহরের একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে সাতজনকে আটক করে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. নুরে আলম প্রথম আলোকে বলেন, এঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হবে।
আটক তরুণেরা হলেন ময়মনসিংহের ধোবাউড়ার আল আমিন (২৫), হালুয়াঘাট উপজেলার শহীদুল ইসলাম (২৮), আশিকুর রহমান (১৯), নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শাহ আল হোসেন শামীম (২৪), মো. রোমান মিয়া (২৭) ও মাসুম আহমেদ (২৭) এবং মোহনগঞ্জ উপজেলার নাসির উদ্দিন।
এঁদের মধ্যে নাসির উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র বলে জানায় পুলিশ। এ বিষয়ে কিছু বলতে রাজি হননি ময়মনসিংহ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম ফজলুল হক পাঠান।
আটক আল আমিনের বাবা ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে উপজেলার মুন্সীরহাট বাজারে ব্যবসা করতেন। লোকসানের কারণে দুই বছর আগে ব্যবসা ছেড়ে দেন। এরপর থেকে বেকার, বাড়িতেই থাকতেন। গত ২৬ মার্চ রাতে বিয়ের দাওয়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি।