জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজন আবার রিমান্ডে
জঙ্গি সন্দেহে গত ফেব্রুয়ারি মাসে হাটহাজারী থেকে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করতে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। র্যাবের দাবি, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের সদস্য তাঁরা।
হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওই চারজনকে গতকাল সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাদ্দেক মিনহাজের আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে আদালত চার আসামি আবদুর রহমান ইবনে আসাদুল্লাহ, মো. ইউসুফ, হারুন অর রশিদ ও মুস্তাকিম বিল্লাহ মাশরুরের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী সদর থেকে ওই চারজনসহ ১২ জনকে গ্রেপ্তার করে র্যাব-৭। তাঁদের মধ্যে একজন জামিনে আছেন। বাকি ১১ জনের মধ্যে চারজনকে আবার জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, চার আসামিকে গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তের স্বার্থে তাঁদের আবারও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। কয়েক দিনের মধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে নিয়ে যাওয়া হবে।
গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী সদরের মাদ্রাসাতুল আবু বকর (র.) থেকে ওই চারজনসহ ১২ জনকে গ্রেপ্তার করে র্যাব-৭। পরে তাঁদের বিরুদ্ধে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে র্যাব।
জঙ্গি অর্থায়নের অভিযোগে গত ১৮ আগস্ট ঢাকা থেকে গ্রেপ্তার তিন আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীকে হাটহাজারী থানার ওই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ব্যবসায়ী এনামুলকে জিজ্ঞাসাবাদ: জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডকে’ ১৬ লাখ অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী এনামুল হককে বাঁশখালী থানার মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। গত শনিবার ঢাকার তুরাগ তালতলা থেকে গ্রেপ্তারের পর রোববার আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন জানান, এনামুলকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।