জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুই ভাই রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে কালিহাতীর এলেঙ্গা থেকে জঙ্গি সন্দেহে আটক দুই ভাই সৈয়দ নুরুল হুদা মাসুম ও সৈয়দ মাজহারুল ইসলাম খোকনকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গত সোমবার তাঁদের বাড়িতে রাতভর অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সকালে র‌্যাব তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ঢাকার মিরপুর মাজার রোডে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।

কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) শাহীন রেজা বাদী হয়ে মাসুম ও খোকনের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা করেন। আজ বুধবার সকালে তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। জ্যেষ্ঠ বিচারিক হাকিম রূপম কান্তি দাস চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন মসিন্দা গ্রামের সৈয়দ নুরুল হুদা মাসুম মুরগির খামার ও ওষুধের ব্যবসা করেন। আর সৈয়দ মাজহারুল ইসলাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে বিএসসি পাস করে কম্পিউটার ব্যবসার সঙ্গে জড়িত। র‌্যাব তাঁদের বাড়ি থেকে একটি ড্রোন, দেশীয় অস্ত্র ও কিছু ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করে।