জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পাঁচজনের ৫ দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক দুই বিদেশিসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম আহম্মেদ সাঈদ এ আদেশ দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি মিনান প্রথম আলোকে বলেন, আটক পাঁচজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফতাব হোসেন ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিকেল চারটার দিকে আদালত ওই পাঁচজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

গতকাল রোববার দুপুরে নগরের জিইসি মোড়ে ‘লর্ডস ইন’ নামের একটি আবাসিক হোটেল থেকে জঙ্গি সন্দেহে ওই পাঁচ ব্যক্তিকে আটক করে পুলিশ। এরপর তাঁদের নগরের লালদীঘির পারে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। সেখানে পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের মোহাম্মদ আলম, আবদুল মজিদ, সালামতউল্লাহ, মো. সফিউল্লাহ ও মোহাম্মদ আমীন বলে পরিচয় দেন। এঁদের মধ্যে মোহাম্মদ আলীর পাকিস্তানের ও আবদুল মজিদের সৌদি আরবের পাসপোর্ট রয়েছে।

গতকাল চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে গ্লোবাল রোহিঙ্গা সেন্ট্রাল নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) পরিচালক দাবি করেন মোহাম্মদ আলম। তাঁর দাবি, ওই এনজিওর সদর দপ্তর নেদারল্যান্ডসে অবস্থিত।

আটক আবদুল মজিদের দাবি, তিনি সৌদি আরবে একটি মসজিদে ইমামতি করেন। তাঁর মা-বাবা রোহিঙ্গা ছিল।

আটক মোহাম্মদ আমীন নিজেকে হাটহাজারী উপজেলার দেওয়ান নগর গ্রামের বাসিন্দা বলে দাবি করেন। তবে ওই গ্রাম কোন ইউনিয়নে এবং ইউপি চেয়ারম্যানের নাম বলতে পারেননি তিনি।