জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. আসাদুজ্জামান ওরফে মিলন ওরফে মিলু ওরফে আব্দুল্লাহ্ ওরফে অনিক ও ফিরোজ মো. তমাল।
২৪ জুন বিকেল পাঁচটায় গোয়েন্দা ও অপরাধ তথ্য (দক্ষিণ) বিভাগের জঙ্গি দমন বিষয়ক বিশেষ দল তাঁদের গ্রেপ্তার করে। ডিবির দাবি, আসাদুজ্জামান জঙ্গি সংগঠন’ বাংলাদেশ জিহাদি গ্রুপের’ কমান্ডার এবং তমাল এই সংগঠনের অর্থের জোগানদাতা। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, এক কেজি বিস্ফোরকদ্রব্য ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
মনিরুল ইসলামের তথ্যমতে, ৭ জুন ব্যাংক ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় রাজধানীর বনশ্রী এলাকা থেকে ছয়জন ও জঙ্গি তৎপরতার অভিযোগে সূত্রাপুর এলাকা থেকে আধ্যাত্মিক নেতা আবদুল্লাহ কাসেমীসহ তিনজনেক গ্রেপ্তার করা হয়।
একই অভিযোগে তিন কেমিক্যাল ব্যবসায়ীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারীকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আসাদুজ্জামান ও তমালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা হয়েছে।