জঙ্গি সন্দেহে চার পাকিস্তানিসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে গত শুক্রবার রাতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁদের মধ্যে চারজন পাকিস্তানের নাগরিক।
গ্রেপ্তার হওয়া চার পাকিস্তানি হলেন মোহাম্মদ ইদ্রিস আলী, মো. শাকিল, খলিলুর রহমান ও মো. ইকবাল। বাংলাদেশিরা হলেন বাবুল খান, মো. ফরমান ও মো. শহীদ।
ডিবি উত্তরের এই অভিযানে ওই ব্যক্তিদের কাছ থেকে জঙ্গিবাদ-সম্পর্কিত বই, সিডি, চারটি পাকিস্তানি ও তিনটি বাংলাদেশি পাসপোর্ট, সাতটি মুঠোফোন এবং ২৬ হাজার ৮৪১ পাকিস্তানি রুপি উদ্ধার করা হয়।
গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা সরকার পতনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন জানিয়ে মনিরুল ইসলাম বলেন, তাঁরা বাংলাদেশে জেএমবির কার্যক্রম সক্রিয় করতে কাজ করছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাঁদের লক্ষ্য ছিল দেশের ভেতরে নাশকতা সৃষ্টি করে সরকারের পতন ঘটানো। এ জন্য তাঁরা জেএমবিকে আর্থিক সহায়তাও দিতেন। এরই অংশ হিসেবে জঙ্গি তৎপরতা বিস্তারের লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টিতে একত্র হয়েছিলেন।
মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করবে ডিবি। একের পর এক বিদেশি নাগরিক হত্যা; ব্লগার, লেখক ও প্রকাশক হত্যা এবং পুলিশের ওপর হামলাসহ সাম্প্রতিক ঘটনায় তাঁদের সম্পৃক্ততা আছে কি না, ডিবি তা জানতে চাইবে।