জঙ্গি সন্দেহে দিনাজপুর মেডিকেলের ছাত্র চট্টগ্রামে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে জঙ্গি সন্দেহে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতে নগরের বায়েজিদ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম আবদুল হান্নান ওরফে আবদুল্লাহ ওরফে লাদেন (২১)।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, আবদুল হান্নান নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। গোপন তথ্যের ভিত্তিতে বায়েজিদ থানাধীন কুলগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেখানে একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও ১১টি জিহাদি বই পাওয়া যায়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, হান্নানের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়া এলাকায়। তাঁর বাবার নাম ইনতাজুর রহমান।
গতকাল রাতে ঠাকুরগাঁওয়ে ইনতাজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৯ জুলাই মোবাইল ফোন কেনা নিয়ে হান্নানকে গালমন্দ করেন তিনি। এরপর হান্নান বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যান। এরপর থেকে ছেলের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। ছেলে নিখোঁজের ঘটনায় ২০ জুলাই তিনি ঠাকুরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গ্রেপ্তারের বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন প্রথম আলোকে বলেন, অভিযানের আগমুহূর্তে হান্নানের আরও সাত-আটজন সহযোগী পালিয়ে যান। তাঁরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মো. লিয়াকত আলী বাদী হয়ে হান্নান ও পলাতক তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলেন, রোজার ঈদের পর থেকে আবদুল হান্নানসহ পলাতক জঙ্গিরা চট্টগ্রামে অবস্থান করছিলেন। তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
এদিকে দিনাজপুর মেডিকেল কলেজ সূত্র জানায়, হান্নান দিনাজপুর শহরের একটি মেসে থেকে পড়াশোনা করতেন। ঈদের ছুটিতে বাড়ি গিয়ে আর তিনি কলেজে ফেরেননি।
ঠাকুরগাঁও পুলিশের একটি সূত্র জানায়, জঙ্গি কর্মকাণ্ডে জড়িত সন্দেহে হান্নানের বড় ভাই আবু হাসনাত ও ছোট ভাই আবু হাম্মামকে গত ১১ জুলাই বাড়ি থেকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে হাম্মামকে অভিভাবকেরা ছাড়িয়ে নেন। আর হাসনাত ঠাকুরগাঁও কারাগারে আটক রয়েছেন।