জঙ্গি সন্দেহে যুবক গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ শুরী রোড থেকে গত সোমবার রাতে আহমেদ ওয়াদুদ জুম্মান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির দাবি, ওয়াদুদ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, সাইফুল, ডেইজ এবং অর্ণব প্রভৃতি নামেও পরিচিত ওয়াদুদ।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাসের পর ধানমন্ডির একটি ইংরেজি স্কুলে কম্পিউটার শিক্ষক হিসেবে চাকরি নেন ওয়াদুদ। তখন থেকে তিনি জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা জঙ্গি বক্তব্য বাংলায় অনুবাদ করতেন ওয়াদুদ। তাঁর দাবি, আল-কায়েদার ম্যাগাজিন ইন্সপায়ার-এর পঞ্চম খণ্ড বাংলায় অনুবাদ করেন তিনি।
ডিবি জানায়, ওয়াদুদের কাছ থেকে দুই লাখ টাকা, দুই হাজার মার্কিন ডলার, স্বর্ণালংকার, ল্যাপটপ, মডেম উদ্ধার করা হয়েছে। তবে টাকা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি।