জঙ্গি সন্দেহে ৩ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা ও রাজশাহীর বাগমারা থেকে পুলিশ জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে পাবনায় দুজন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এবং বাগমারায় গ্রেপ্তার ব্যক্তি জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, শহরের রাধানগর মক্তবপাড়া এলাকা থেকে গত রোববার রাতে পুলিশ শফিকুল ইসলাম (৩০) ও জিয়াউল করিম (৩২) নামের দুজনকে গ্রেপ্তার করে। দুজনই জেএমবির সদস্য। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পাবনা সদর থানায় একটি মামলা রয়েছে। এর মধ্যে শফিকুল পাবনা থেকে ঝিনাইদহে গিয়ে জেএমবির নেতৃত্ব দিচ্ছিলেন। আর জিয়াউল করিম নেতৃত্ব দিচ্ছিলেন শরীয়তপুর জেলা জেএমবির। তাঁর বিরুদ্ধে শরীয়তপুর থানায় একটি মামলা রয়েছে। পাবনা সদর থানার মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার সকালে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাগমারা থানার এসআই রাজিব হাসান জানান, গতকাল উপজেলার ঝিকড়া ইউনিয়নের কুদাপাড়া গ্রাম থেকে জেএমজেবির সদস্য সন্দেহে খয়ের আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়।