জঙ্গি সমর্থকেরা ২০১৯ সালেও পরাজিত হবে: নাসিম

জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়কারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, যারা জঙ্গিদের সমর্থন দিচ্ছে, ২০১৯ সালে নির্বাচনে তারা আবারও পরাজিত হবে। জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে কেন্দ্রীয় ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও থাকবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাঠে তাদের আসতেই হবে। এবার আর মাঠ ছাড়তে পারবে না।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত ‘জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গি-সঙ্গী বর্জন’ শীর্ষক সেমিনারে নাসিম এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জঙ্গিদের সমর্থন করে যাচ্ছেন। এর মূল কারণ আওয়ামী লীগ ও ১৪ দলকে ঘায়েল করা। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিবাদ দমনে জনগণ সম্পৃক্ত হয়েছে। জঙ্গিবাদ দমনে সফল হওয়ায় সারা বিশ্ব থেকে প্রশংসা পাচ্ছে বাংলাদেশ। কিন্তু খালেদা জিয়া উল্টো জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। গুলশানে হামলার পর প্রধানমন্ত্রী যখন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন, তখন খালেদা জিয়া নির্বাচন চেয়েছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ সরকারকে ব্যর্থ প্রমাণ করা। কিন্তু তাঁর সে উদ্দেশ্য সফল হয়নি।
সেমিনারে সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া ও বিএনপি যুদ্ধাপরাধী, ১৫ আগস্টের খুনি, ২১ আগস্টের খুনি, আগুন-সন্ত্রাসী এবং জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক। খালেদা জিয়া ও বিএনপিসহ জঙ্গিদের মদদদাতা দলগুলোকে আইনের আওতায় এনে এ দেশের রাজনীতি থেকে বর্জন করতে হবে।
জাসদের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, খালেদা জিয়ার এ দেশে রাজনীতি করার কোনো যোগ্যতা নেই। এ দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে খালেদা জিয়া ও তাঁর দল যেভাবে রাজনীতি করছে, তা বন্ধ করতে হবে।
নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদ বলেন, জঙ্গিবাদ নির্মূলে পৃষ্ঠপোষকতা মূল সমস্যা। রাজনৈতিক, সামাজিক ও দেশি-বিদেশি পৃষ্ঠপোষকতা রয়েছে। একটি আইনি কাঠামো তৈরি করে এ পৃষ্ঠপোষকদের প্রতিরোধ করতে না পারলে তারা তাদের কাজ চালিয়ে যাবে। পৃষ্ঠপোষকদের বাইরে রেখে জঙ্গিবাদকে রুখে দেওয়া সম্ভব নয়।
সেমিনারে আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। সেমিনার পরিচালনা করেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার।